জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বাড়তি ঋণের বদলে অনুদান এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তার জোরালো দাবি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে তিনি পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তব্যে বৈশ্বিক জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতার সমালোচনা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান অর্থায়নব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধের বাড়তি বোঝা এসব দেশের অর্থনীতিতে তীব্র চাপ তৈরি করছে।
সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার নীতির আলোকে প্রধানমন্ত্রী যে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন, তার মধ্যে প্রথমটি হলো আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ করা। দ্বিতীয়ত, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঋণ ধারা ও ঋণের বিনিময়ে জলবায়ু সুরক্ষা কর্মসূচিসহ জরুরি ঋণ-সহায়তা চালু করা। তৃতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং পঞ্চমত, ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণ করা।
সম্মেলনের শুরুতে আয়োজক দেশ তুরস্ক এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে শূন্য দশমিক ৫ শতাংশেরও কম অবদান রেখেও বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই সংকট সত্ত্বেও ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা সমান্তরালভাবে এগিয়ে যাবে।
পরিবেশবান্ধব শিল্পায়ন ও জ্বালানি রূপান্তরে বাংলাদেশের নিজস্ব পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নেওয়া হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সংগতি রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে। এ ছাড়া দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা গড়ে ওঠার তথ্য জানিয়ে তিনি বৈদ্যুতিক যানবাহন ও পাটজাত ব্যাগের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন বাণিজ্যের জাতীয় কাঠামো তৈরির কথা উল্লেখ করেন।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারের মহাপরিকল্পনা প্রকাশ করে তারেক রহমান জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, জলাভূমি পুনরুজ্জীবন এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে পদ্মা ও তিস্তা ব্যারাজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
বক্তব্যের শেষে বৈশ্বিক সংহতি জোরদার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে।



মন্তব্য করুন