শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গত ১০ অক্টোবর পার্কটি পরিদর্শন ও এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পর্যটনকেন্দ্রটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়ায় ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে ১৯৯৯ সালে বন বিভাগের উদ্যোগে এই পার্কের যাত্রা শুরু হয়। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় ২০০৪ সালে এর প্রাথমিক অবকাঠামো নির্মিত হয় এবং পরবর্তী সময়ে তৎকালীন হুইপ ও স্থানীয় সংসদ সদস্য জাহেদ আলী চৌধুরীর উদ্যোগে আরও কিছু স্থাপনা গড়ে ওঠে। তবে ২০০৪ সালের পর থেকে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ হয়নি; আলোর মুখ দেখেনি ঝুলন্ত সেতু ও ক্যাবল কার নির্মাণের পরিকল্পনাও।

রক্ষণাবেক্ষণের অভাবে পার্কের সীমানাপ্রাচীর, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার, স্টার ব্রিজ, লেক, পিকনিক স্পট, পাহাড়ে ওঠার সিঁড়ি, ওয়াকওয়ে ও নিরাপত্তাকর্মীদের ব্যারাকসহ বহু স্থাপনার পলেস্তারা খসে পড়ছে। বিলীন হয়ে গেছে একসময়ের আকর্ষণীয় শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানা। এর মধ্যেই গত বছর প্রবেশ ফি ২০ টাকা থেকে পাঁচ গুণ বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।

দর্শনার্থীদের অভিযোগ, প্রতিবছর সরকার এখান থেকে প্রায় কোটি টাকা রাজস্ব আয় করলেও পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের তীব্র সংকট রয়েছে। সেবার মান না বাড়িয়ে ফি বাড়ানোয় অনেকেই ফটক থেকেই ফিরে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুরা দ্রুত পর্যটকবান্ধব পরিবেশ ফেরানোর দাবি জানিয়েছেন।

বেহাল দশার কথা স্বীকার করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, স্থাপনাগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।