ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর দুই শিশুসন্তানকে নিয়ে বসতঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নাদিরা আক্তার (২৭) নামের এক গৃহবধূ।
প্রায় নয় বছর আগে নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকার শাহজাহানের সঙ্গে নাদিরার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে দুই ও পাঁচ বছর বয়সি দুটি সন্তান রয়েছে। গত বছর সড়ক দুর্ঘটনায় শাহজাহানের মৃত্যুর পর থেকেই তাঁর পৈতৃক সম্পত্তি ও সেমিপাকা বসতঘর দখল নিয়ে বিরোধ শুরু হয়। নাদিরার অভিযোগ, ননদ, ননাস ও স্বজনরা বিভিন্ন সময় তাঁকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছিলেন।
অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ৬ নভেম্বর সকাল সাতটার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করেন এবং সীমানার গাছপালা কেটে ক্ষতিসাধন করেন। বাধা দিতে গেলে নাদিরাকে মারধর করে জখম করা হয়। পরে জোরপূর্বক দুই সন্তানসহ তাঁকে ঘর থেকে বের করে দিয়ে ঘরটি দখলে নেওয়া হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। পরে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী। প্রতিবেশী রফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, শাহজাহানের মৃত্যুর পর থেকে তাঁর বোন ও ভাগ্নিরা ওই গৃহবধূর ওপর নির্যাতন চালাচ্ছেন এবং স্থানীয়ভাবে কোনো সমাধান করা যায়নি।
অভিযুক্ত সাতজন হলেন—আব্দুল আওয়াল (৪০), ফাতেমা আক্তার (২৭), সাহিদা আক্তার (২৯), আম্বিয়া বেগম (৫৯), সুফিয়া খাতুন (৫২), নাজমা আক্তার (৪৮) ও শাহানা আক্তার (৪০)। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের দাবি, তাঁরা নিজেদের ঘরেই অবস্থান করছেন এবং কারো ঘর দখল করেননি।
ছোট দুই সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটানো নাদিরা আক্তার জানান, তিনি তাঁর স্বামীর ঘরেই ফিরে যেতে চান। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন