সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদ ও আঙ্গিনায় এখন থেকে নিজস্ব অর্থায়ন ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। সম্প্রতি জারি হওয়া ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এ এই সুযোগ তৈরি করা হয়েছে। গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাদেশটিতে সই করেন এবং ওই দিনই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর হয়।

অধ্যাদেশে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে ‘ওপেক্স’ এবং ‘ক্যাপেক্স’ নামে দুটি বিনিয়োগ পদ্ধতির কথা বলা হয়েছে। এর মধ্যে ওপেক্স মডেলকে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে। এই পদ্ধতিতে গ্রাহক প্রতিষ্ঠানকে প্যানেল বা ইনভার্টার কেনার জন্য প্রাথমিকভাবে কোনো বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে না। বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। উৎপাদিত বিদ্যুতের একটি নির্দিষ্ট অংশ গ্রাহক ব্যবহার করবেন এবং চুক্তির শর্ত অনুযায়ী এর মূল্য বা অংশ সমন্বয় করা হবে।

অন্যদিকে ক্যাপেক্স মডেলে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে নিজ খরচে সৌরবিদ্যুৎ কেন্দ্র কিনতে ও স্থাপন করতে পারবে। এ ক্ষেত্রে পুরো ব্যবস্থার মালিকানা থাকবে গ্রাহক প্রতিষ্ঠানের হাতেই।

নতুন এই অধ্যাদেশের আওতায় সরকারি কোম্পানির ভবনের ছাদ ও আঙ্গিনা ছাড়াও সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন এবং চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন করা যাবে। পাশাপাশি ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষির সঙ্গে সমন্বিত অ্যাগ্রো-ভোলটাইক প্রযুক্তিও এই সুবিধার অন্তর্ভুক্ত থাকবে। তবে প্রতিটি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ৫ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং বড় আকারের ভূমিভিত্তিক প্রকল্প এর আওতায় পড়বে না।

সেবাদাতা প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে জেলাভিত্তিক যোগ্য প্রতিষ্ঠানের তালিকা তৈরি করবে উপযুক্ত কর্তৃপক্ষ। নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত হতে পারবে। গ্রাহক প্রতিষ্ঠান প্রতিযোগিতার মাধ্যমে এই তালিকা থেকে সেবাদাতা বেছে নেবে, তবে চাইলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তালিকার বাইরের প্রতিষ্ঠানকেও নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে গ্রাহক, সেবাদাতা প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এই চুক্তিতে গ্রাহকের প্রাপ্য বিদ্যুতের পরিমাণ, অতিরিক্ত বিদ্যুতের মূল্য নির্ধারণ, যন্ত্রপাতি নষ্ট হলে প্রতিস্থাপন ও মেরামতের দায়িত্ব এবং চুক্তির মেয়াদের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এ ছাড়া নেট-মিটারিংয়ের আওতায় বিদ্যুৎ বিল সমন্বয়, সার্ভিস চার্জ ও বিল পরিশোধের পদ্ধতিও চুক্তিতে নির্ধারিত থাকবে।

নিজস্ব চাহিদা মেটানোর পর উৎপাদিত বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। নেট-মিটারিং ব্যবস্থায় গ্রিডে দেওয়া বিদ্যুতের পরিমাণ গ্রাহকের বিলের সঙ্গে সমন্বয় করা হবে এবং এর পরও বিদ্যুৎ অতিরিক্ত থাকলে নির্ধারিত ট্যারিফ অনুযায়ী অর্থ পাওয়ার সুযোগ থাকবে।

সৌরবিদ্যুৎ খাতের এই সম্প্রসারণ তদারকিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি কাজ করবে। পুরো ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।

সরকারি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও বেসরকারি খাত ও বাসাবাড়িতে এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোশিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘‘অধ্যাদেশ জারি করা হয়েছে— এটা একটা ভালো উদ্যোগ সরকারের। তবে সরকারি প্রতিষ্ঠানে এই ‘ওপেক্স মডেল’ যেভাবে কার্যকর হতে পারে বেসরকারি প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে এই মডেল কতটা কার্যকর হবে, সেটা নিয়ে এখনো আমরা সন্দিহান।’’

তিনি আরও বলেন, ‘‘সরকারি প্রতিষ্ঠান যেমন স্থায়ী জায়গা, সেখানে সব সময় অফিসটার স্থায়িত্ব থাকবে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়িত্ব থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি বাসাবাড়িতে বাড়িওয়ালারা অন্য কোম্পানির লোকজনকে নিজেদের ছাদ নিয়মিত ব্যবহার করতে দেবে কি না, তাও প্রশ্ন থেকে যায়। এতে করে বিদেশি বিনিয়োগ আনা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।’’