জলবায়ু পরিবর্তনের অভিঘাত সামাল দিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে বাংলাদেশসহ ছয়টি দেশকে ৩ কোটি ডলার বা ৩০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে। খুব দ্রুতই এই অর্থ ছাড় করা হবে বলে আশা প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের জোরালো তৎপরতার কারণেই আন্তর্জাতিক এই তহবিল থেকে অনুদানের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে।
অর্থ ব্যয়ের খাত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ফরিদুল ইসলাম জানান, অনুদানের অর্থ হাতে এলে তা মূলত উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি হ্রাস এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানো হবে। সবুজায়ন প্রকল্পেও এই তহবিল ব্যবহারের সুযোগ থাকলেও, সরকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও বক্তব্য রাখেন।



মন্তব্য করুন