নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার আনন্দে দুই বন্ধুকে নিয়ে মেঘনার তীরে ঘুরতে বেরিয়েছিলেন দশম শ্রেণির ছাত্র আবদুল করিম। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিভে গেল তিন বন্ধুর প্রাণ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে শাহদাত হোসেন (১৯), কামাল উদ্দিনের ছেলে আবদুল করিম (১৭) এবং রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)। এদের মধ্যে আবদুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং শাহদাত একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় একটি গ্যারেজ থেকে মোটরসাইকেল ভাড়া করেন ওই তিন বন্ধু। তাঁদের সঙ্গে একই এলাকার আরও কয়েকজন তরুণ ও কিশোর কয়েকটি মোটরসাইকেলে একই গন্তব্যে রওনা দিয়েছিলেন।
পথে কাঞ্চন বাজার এলাকায় নতুন সেতু পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে সজোরে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহদাত ও করিমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন জানান, আবদুল করিম বৃহস্পতিবারই তাঁর প্রতিষ্ঠানে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে তাঁর দুর্ঘটনার খবর পান তাঁরা।
পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হাসান জানান, নিহত তিনজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং বেশির ভাগ সময় একসঙ্গেই আড্ডা ও চলাফেরা করতেন। একসঙ্গে ঘুরতে যাওয়ার পথেই এমন করুণ পরিণতির শিকার হলেন তাঁরা।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা দেওয়ায় দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



মন্তব্য করুন