কোনো অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘ ৫৩ দিন কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের একটি কারাগার থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক আইনজীবী নিশ্চিত করেন, ‘দুই বোন নিরাপদে বাড়ি ফিরেছেন।’
আটক অবস্থায় পরিবারের সদস্যদের চরম উদ্বেগের কথা তুলে ধরেন নরিন নিয়াজির ছেলে ওয়ালি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো অভিযোগ ও বিচার ছাড়াই এমপিও-এর ৩ নম্বর ধারায় তার মা ও খালাকে ৫৩ দিন বন্দি রাখা হয়েছিল। এমনকি দুই সপ্তাহ আগে সত্তরোর্ধ্ব নরিনকে একটি হৃদরোগ হাসপাতালে নেওয়া হলেও পরিবারকে কিছুই জানানো হয়নি।
এই আইনি জটিলতার সূত্রপাত হয়েছিল গত সেপ্টেম্বরে। সে সময় ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে ইমরান খানের তিন বোন—উজমা, নরিন ও আলিমাকে আটক করা হয়। পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) আওতায় তাদের প্রথমে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।
ওই মেয়াদ শেষে গত মাসে মুক্তির আবেদন নিয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হন পিটিআইয়ের আইনজীবী। তবে সে সময় পাঞ্জাব সরকার জানায়, তাদের আটকের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে।
পরবর্তীতে পিটিআই আইনজীবীর পুনঃআবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার দুজনের আটকাদেশের বর্ধিত মেয়াদ প্রত্যাহার করে নেন আদালত।
দুই বোন ঘরে ফিরলেও পরিবারটির স্বস্তি এখনো পূর্ণ হয়নি। তিন বোনের মধ্যে সবার আগে গ্রেপ্তার হওয়া আলিমা খান এখনো কারাগারের চারদেয়ালেই বন্দি রয়েছেন।



মন্তব্য করুন