সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে এনেছে বলে জানা গেছে। প্রথম শর্ত অনুযায়ী, তাঁকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সামরিক বিমান পাঠাতে হবে কিংবা স্থলসীমান্তের নির্ধারিত কোনো পয়েন্ট থেকে গ্রহণ করতে হবে।
দ্বিতীয় শর্তে বলা হয়েছে, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে স্বচ্ছ বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়। সেখানে দাবি করা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গত কয়েক মাস ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।
প্রতিবেদনটির তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ঢাকা তাঁকে ফেরত চাইলেও নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক কোনো সাড়া দেয়নি; বরং বিষয়টিকে আইনি প্রক্রিয়া হিসেবে দেখার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় কর্মকর্তাদের মতে, যেহেতু সামরিক বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল, তাই ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকেই মূল দায়িত্ব পালন করতে হবে। আকাশপথের পাশাপাশি স্থলসীমান্ত দিয়েও হস্তান্তরের বিকল্প খোলা রাখা হয়েছে এবং এতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে।
বিচারপ্রক্রিয়ার বিষয়ে ভারতের এক কর্মকর্তা জানান, নয়াদিল্লি চায় শেখ হাসিনা নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান এবং পুরো বিচারপ্রক্রিয়া যেন আন্তর্জাতিক মহলের নজরদারিতে থাকে। এ ছাড়া দেশে ফেরার পর তাঁর সার্বিক নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়ার বিষয়টিও ভারতের প্রত্যাশায় রয়েছে, যা নিয়ে দুই দেশের সামরিক নেতৃত্বের মধ্যে যোগাযোগ চলছে।
এর আগে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানালেও কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তবে দিল্লির পর্যবেক্ষকদের ধারণা, শর্তাবলি ও জটিল রাজনৈতিক সমীকরণের কারণে আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা বেশ ক্ষীণ।



মন্তব্য করুন