প্রতিবছর নদীভাঙনের থাবায় হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে। এই দীর্ঘস্থায়ী দুর্যোগকবলিত মানুষের সুরক্ষা, পুনর্বাসন ও টেকসই জীবিকার পথ খুঁজতে শরীয়তপুরে প্রকাশিত হয়েছে ‘সাকিন’ শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা শহরের এসডিএস কার্যালয়ে এক বিনিময় সভায় এই গবেষণাপত্র তুলে ধরা হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নদী গবেষকরা অংশ নেন।
অস্ট্রেলিয়ার হিউম্যানিটারিয়ান অ্যাডভাইজারি গ্রুপের (এইচএজি) সহায়তায় যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেছে তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থা—এসডিএস, ইনসাইটস নলেজ প্রাঃ লিঃ এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)। শরীয়তপুর ও সিরাজগঞ্জ জেলার তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিচালিত এই কার্যক্রম জাতীয় পর্যায়ে কার্যকর নীতি নির্ধারণে সহায়তা করবে।
এসডিএস-এর উপ-পরিচালক (মানব সম্পদ) অমলা দাসের সভাপতিত্বে এবং সহকারী সমন্বয়কারী মো. মাহাবুব আলমের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে ইনসাইটস নলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা নিগার রহমান, গবেষণা প্রধান সুমন আহসানুল ইসলাম এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিলটন হোসেন যোগ দেন। পাশাপাশি জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা জানান, নদীভাঙন কেবল তাৎক্ষণিক ক্ষতি নয়, বরং এটি একটি গভীর ও দীর্ঘস্থায়ী সংকট। ‘সাকিন’ গবেষণার সুপারিশগুলো স্থানীয় ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বিকল্প জীবিকা নিশ্চিতে সহায়ক নীতিমালা গঠনে জোরালো ভূমিকা রাখবে।



মন্তব্য করুন