শ্রেণিকক্ষে রসায়নের জটিল সূত্র সহজ করে বুঝিয়ে একসময় যারা শিক্ষার্থীদের মন জয় করেছিলেন, সেই ‘শাওন স্যার’ বা শাওন রেজা এখন পুরোদমে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। ৪৩তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তা বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি রাজধানীর একটি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ধারণ করা তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা। প্রিয় শিক্ষককে নতুন পোশাকে দেখে সাবেক শিক্ষার্থী ও নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি শুভকামনা জানাচ্ছেন।
শাওন রেজার শিক্ষাজীবন কেটেছে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়নের শিক্ষক ও লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অনলাইন ও অফলাইনে রসায়ন পড়িয়ে শিক্ষার্থীদের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।
শিক্ষকতা ছেড়ে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার এই পরিবর্তন অনেকের কাছেই চমকপ্রদ ঠেকলেও, শিক্ষক হিসেবে তার অর্জিত সুনাম ও ভালোবাসা এখনো আগের মতোই অটুট রয়েছে বলে মনে করছেন তার সাবেক শিক্ষার্থীরা।



মন্তব্য করুন