স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে চরম অস্বাস্থ্যকর পরিবেশে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কাঁচাগোল্লা তৈরির দায়ে নাটোরের এক কারখানা মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু (৫০) নাটোর শহরের লালবাজার এলাকার ‘জয়কালিবাড়ী দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের’ মালিক। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করে জব্দ করা প্রায় চার মণ কাঁচাগোল্লা ধ্বংস করা হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শহরের লালবাজার এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালত এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটির স্যাঁতসেঁতে মেঝেতে উন্মুক্ত অবস্থায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল এবং সেই খাবারের চারপাশে অসংখ্য তেলাপোকা ঘুরে বেড়াচ্ছিল। হাতেনাতে ধরা পড়ার পর রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করলে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী নিরাপদ খাদ্য আইনে তাকে এই কারাদণ্ডাদেশ দেন।
স্থানীয় বাসিন্দা পলাশ কুমার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নাটোরের কাঁচাগোল্লা আমাদের গর্ব ও বিশ্বখ্যাত জিআই পণ্য। অথচ মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীর অতি মুনাফালোভী ও নোংরা মানসিকতার কারণে এই ঐতিহ্যের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জনস্বাস্থ্য ও ঐতিহ্য রক্ষায় এই চক্রের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চালানো জরুরি।’
জনস্বার্থে পরিচালিত এই অভিযানে অংশ নেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



মন্তব্য করুন