প্রায় ২০০ বছরের ঐতিহ্যবহুল শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বন্দর। জেলার অন্যতম বৃহৎ এই বাণিজ্যিক কেন্দ্রে প্রতিদিন হাজারো মানুষের কর্মচাঞ্চল্য থাকলেও দীর্ঘদিন ধরে নেই কার্যকর উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা। বাজারের যানজট, জলাবদ্ধতা, খাল দখল, বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা সমস্যায় অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এর মধ্যে প্রায় ৩০ বছর ধরে অনুষ্ঠিত হয়নি বাজার বন্দর কমিটি ও বণিক সমিতির নির্বাচন। তাই পুরোনো নেতৃত্বের পরিবর্তে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এসব সমস্যা নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ভোজেশ্বর বাজার বন্দর কমিটি ও বণিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোজেশ্বরের ঐতিহ্যবাহী চাহেদ আলী হাওলাদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা সংলগ্ন গরুর হাট মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান। তিনি বাজারের পরিবেশ সংরক্ষণ, উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বন্দর এলাকার ব্যবসায়ী আলহাজ মো. শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ব্যবসায়ী ইকবাল বাহার চৌধুরী। এতে উপস্থিত ছিলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুবায়ের হোসেন, মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামীম আহমেদ, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার রতন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার, বাজারের ইজারাদার ও উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান জুয়েল মাদবর, জপসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর এবং সাবেক বিএনপি নেতা মো. সেলিম শিকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, প্রায় তিন দশক ধরে ভোজেশ্বর বাজার বন্দর কমিটি ও বণিক সমিতির কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ নির্বাচনে ব্যবসায়ীদের ভোটে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই বেপারী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুর ২৭ বছর পার হলেও নতুন করে নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ব্যবসায়ীদের মধ্যে নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে। তাঁরা দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ভোজেশ্বর বাজারের গলিগুলো অত্যন্ত সরু। ফুটপাতের বড় একটি অংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বাজারের ভেতরে গাড়ি প্রবেশ করতে না পারায় প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। অন্যদিকে, বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় ব্যবসায়ীরা খালে ময়লা-আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছেন। এতে পলিথিন ও অন্যান্য বর্জ্য জমে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে।

তাঁদের অভিযোগ, বাজারের বিভিন্ন স্থানে খাল দখল করে দোকানপাট ও বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। এতে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ময়লা-আবর্জনার দুর্গন্ধে বাজারের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ফলে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই প্রতিদিন ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।

বাজারসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ভোজেশ্বর বাজারে স্থায়ী দোকানের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এ ছাড়া ফুটপাত ও খোলা জায়গায় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন আরও প্রায় তিন হাজার মানুষ। প্রতিদিন ক্রেতা-বিক্রেতা মিলিয়ে প্রায় তিন লাখ মানুষের সমাগম ঘটে এই বাজারে। এত বিপুল মানুষের সমাগম ও অর্থনৈতিক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাজারটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে।

সভায় ব্যবসায়ী নেতারা বাজারের গলিপথ দখলমুক্ত করা, খাল পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্মাণ, যানজট নিরসন এবং জলাবদ্ধতা দূর করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বন্দর কমিটি ও বণিক সমিতির নির্বাচন আয়োজন করে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় স্থানীয় মসজিদের ইমাম, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাসেল হাওলাদারের তত্ত্বাবধানে আলোচনা সভাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।