ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর দেশি বোমা বিস্ফোরণে রাজেন্দ্র বারাউতিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের উদ্দেশ্যে তৈরি ওই বোমাটি মিষ্টি মনে করে তাঁকে খাওয়ানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ সংবাদ) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মধ্যপ্রদেশের দিনদোরি জেলার একটি এলাকায় আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। এ সময় গ্রামের এক ব্যক্তি সেখানে একটি ‘মিষ্টি’ নিয়ে আসেন এবং অপর এক ব্যক্তি সেটি রাজেন্দ্রকে খেতে দেন। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা রেখা সিং জানান, ওই অঞ্চলের কিছু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বুনো শূকর মারার জন্য ময়দা বা আটার গোলার ভেতরে বারুদ ভরে এ ধরনের বোমা তৈরি করে থাকেন। দেখতে নরম ও গোলাকার হওয়ায় এগুলোকে দেখতে অনেকটা জনপ্রিয় মিষ্টি রসগোল্লার মতো লাগে।
এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া অপরাধমূলকভাবে মৃত্যুর কারণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে। তবে ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা মজার ছলে এটি করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য করুন