শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীতে একটি ফেরিতে বাল্কহেডের সজোরে ধাক্কায় ভারসাম্য হারিয়ে বাসের সঙ্গে আঘাত লেগে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পদ্মার বেড়াচাক্কি চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা নরসিংহপুরগামী ফেরি ‘কাকলি’ মেঘনার মূল অংশ পেরিয়ে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশ করছিল। ঠিক সে সময় পেছন থেকে একটি বাল্কহেড এসে ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।

হঠাৎ এই ধাক্কায় ফেরিতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী ওই শিশুর মাথা ফেরিতে থাকা একটি বাসের বডিতে সজোরে আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে আহত অপর শিশুকে দ্রুত স্পিডবোটে করে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পরই চালক বাল্কহেডটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক সেই বাল্কহেড ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে নৌ পুলিশ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে বাল্কহেডের ধাক্কায় যাত্রীরা হুড়োহুড়িতে পড়ে যান এবং শিশুটির মাথা বাসের সঙ্গে লেগে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।