দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার প্রক্রিয়ায় গতি আসছে। এ বিষয়ে চূড়ান্ত পর্যালোচনার লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর (রোববার) দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই সভার তথ্য নিশ্চিত করা হয়েছে।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় মূল আলোচ্যসূচি হিসেবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণের বিষয়টি নির্ধারণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই নীতিনির্ধারণী বৈঠকে অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রবি হাজ্জাজ। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) সিদ্দিক জুবায়ের সভায় উপস্থিত থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে বিষয়টির বিভিন্ন দিক নিয়ে মতামত দেওয়ার জন্য সংশ্লিষ্ট মোট ১৬ জন ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষাসংশ্লিষ্ট মহলে এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।