কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ব অংশে একটি সামুদ্রিক মাইনের আঘাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী এই ঘটনার তথ্য নিশ্চিত করার পাশাপাশি জলপথটির অননুমোদিত দক্ষিণ পথ ব্যবহার না করতে পুনরায় কঠোর সতর্কবার্তা জারি করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, একাধিকবার নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও ট্যাংকারটি অননুমোদিত ওই পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি নৌ-মাইনের সঙ্গে সংঘর্ষে জাহাজটিতে বিকট বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, এর আগে বিস্ফোরণের শিকার হওয়া তেল ট্যাংকারগুলোর ঘটনা থেকে সংশ্লিষ্ট জাহাজটি কোনো শিক্ষা নেয়নি; বরং প্রণালি অতিক্রম করতে মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষার ওপর ভরসা করেছিল।
জলপথটি ‘পূর্ণ দৃঢ়তা এবং কঠোরতার’ সঙ্গে নিয়ন্ত্রণ করার কথা উল্লেখ করে আইআরজিসি নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, ইরানের নিয়ম লঙ্ঘন করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে যেকোনো জাহাজ ঝুঁকিপূর্ণ ওই পথে প্রবেশ করলে একই ধরনের ভয়াবহ পরিণতির মুখে পড়বে।



মন্তব্য করুন