জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে একটি নয়, বরং অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছিল। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনার পর গঠিত তদন্ত কমিটি এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রানওয়েতে যাওয়ার সময় পাইলট ককপিটে একাধিক ত্রুটির সংকেত পাওয়ার পর উড্ডয়ন বাতিল করে বিমানটি পার্কিং বে-তে ফিরিয়ে নেন। পরবর্তীতে জাপানি টেকনিশিয়ান ও দেশীয় প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি মেরামত করে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
ঘটনার তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক গঠিত চার সদস্যের কমিটি উড়োজাহাজটির লগবুক ও রক্ষণাবেক্ষণের রেকর্ড যাচাই করে। এতে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম উভয় পাশের র্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির সত্যতা মিলেছে।
প্রাথমিকভাবে হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এর সমস্যা বলা হলেও, সামগ্রিক তদন্তে একাধিক কারিগরি ত্রুটির বিষয়টি সামনে এল। বিমানের একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।



মন্তব্য করুন