পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাজেল মাদবর নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জাজিরার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে লাঠিসাঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়ক অবরোধ করেন একদল লোক। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনার ফলে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
গুরুত্বপূর্ণ এই স্থাপনার সামনে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ বাদী হয়ে ২৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করে একটি মামলা করে। গ্রেপ্তার তাজেল মাদবর ওই মামলার এজাহারভুক্ত আসামি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন