বিদায়লগ্নেও কার্তিকের বৃষ্টির রেশ কাটছে না। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৫ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির প্রভাবে শুক্রবারের (১৩ নভেম্বর) মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃষ্টির পাশাপাশি দেশের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় মাদারীপুর ছাড়াও মোংলায় ১৩ মিলিমিটার, চাঁদপুরে ১২, তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) পর্যন্ত দেশের আবহাওয়া কেমন থাকতে পারে—এমন প্রশ্নে পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।