রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ২০২২ সালের ৩০ আগস্ট ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর হিসাব থেকে ৪৯ লাখ টাকা পাঠানো হয় ট্রাফিক সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত অ্যাকাউন্টে। ওই দিনই কোচিং সেন্টারটির হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়েছিল।

অর্থের এই বড় অঙ্কের উৎস এবং আকস্মিক লেনদেন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও কোচিং সেন্টারের স্বত্বাধিকারী।

এক্সিম ব্যাংকের হিসাব বিবরণী অনুযায়ী, ৩০ আগস্ট কোচিং সেন্টারটির অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা জমা হওয়ার পরপরই সেখান থেকে সার্জেন্ট সাবিহার হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জানিয়েছেন, অন্য একজনের টাকা সরাসরি নিতে চাননি বলেই তিনি মধ্যস্থতা করে নিজের হিসাবের মাধ্যমে তা সাবিহার কাছে পৌঁছে দিয়েছেন। তবে এই উপকারের ফাঁদে পড়ে তিনি নিজেই এখন বিপাকে পড়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার উল্টো প্রশ্ন তুলে বলেন, তাঁর অ্যাকাউন্টে কেবল ৫০ লাখ নয়, এক থেকে দুই কোটি টাকাও ঢুকতে পারে। টাকার উৎস সম্পর্কে তিনি জানান, যিনি টাকা দিয়েছেন তাঁর কাছেই এ বিষয়ে জানতে চাওয়া উচিত এবং তিনি সাংবাদিকদের কাছে কোনো জবাবদিহি করতে বাধ্য নন। এদিকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় অভিযুক্ত সার্জেন্টকে কোচিং সেন্টারের স্বত্বাধিকারীর সঙ্গে সাক্ষাত করতেও দেখা গেছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন এই রহস্যজনক লেনদেনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি মনে করেন, ট্রাফিক বিভাগে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের, তাই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা জরুরি।

অন্যদিকে, আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, সার্জেন্ট সাবিহা এমন কোনো লেনদেনের কথা অস্বীকার করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হবে।