তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় সাশ্রয় করতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। এই উদ্যোগের আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন, যেখানে প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৩০ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার নির্ধারিত এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এই চাল বিক্রি শুরু হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মজুত থাকা সাপেক্ষে প্রতি শুক্রবার দুটি ধাপে—সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে করে চাল বিক্রি করা হবে।
সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টাররোলে স্বাক্ষর নিয়ে চাল সরবরাহ করা হবে, যাতে প্রকৃত শ্রমিকরাই এই সুফল পান।
খাদ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই বিশেষ কার্যক্রমে নজরদারি জোরদার করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর পৃথক মনিটরিং টিম গঠন করেছে। নিম্ন আয়ের মানুষের জন্য চলমান নিয়মিত ভর্তুকি মূল্যের ওএমএস সেবার পাশাপাশি পোশাকশ্রমিকদের সুরক্ষায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো।



মন্তব্য করুন