গভীর রাতে ঢাকা থেকে মাওয়ার দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা এক গাড়ির ধাক্কায় নিভে গেল দুই তরুণ-তরুণীর প্রাণ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তাঁরা ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানার বাসিন্দা ছিলেন। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩ নিবন্ধন নম্বরের একটি মোটরসাইকেলে করে ওই দুজন মাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় পৌঁছালে পেছন বা পাশ থেকে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘাতক গাড়িটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।



মন্তব্য করুন