রংপুর নগরীর একটি বাড়িতে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়া বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় আট বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির অন্তঃসত্ত্বা মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মোছা. সিনথিয়া।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বালুভর্তি একটি ডাম্প ট্রাক সাতমাথার দিকে যাওয়ার পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির ওপর উঠে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা মা ও শিশু কন্যা ট্রাকের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে শিশু সিনথিয়ার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত তার মা মোছা. আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং এর চালক ও হেলপারকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।