রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের নির্মম হামলায় সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জুরাইন নবারন গলি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইন নবারন গলিতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন মিলনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতিবাহাদুরপুর গ্রামে। তার বাবার নাম মৃত আবুল হোসেন মৃধা। তিনি পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন। পুলিশ জানিয়েছে, তার দুই পায়ের রগ কেটে ফেলার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন রয়েছে।
কী কারণে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে উদঘাটিত হয়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।



মন্তব্য করুন