অধিকার রক্ষায় ভোক্তাদের সচেতন হওয়ার আহবান জানিয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শামীম হোসেন। সোমবার (১৫ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এ আহবান জানান।
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই শ্লোগানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শরীয়তপুর জেলা শাখা সহযোগিতায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর, শরীয়তপুর এ আলোচনা সভার আয়োজন করে।
এডিসি শামিম হোসেন বলেন, যতোদিন পর্যন্ত আপামর জনসাধারনকে সচেতন করে গড়ে তোলা না যাবে ততোদিন পর্যন্ত পুরোপুরিভাবে ভোক্তা অধিকার সংরক্ষন করা সম্ভব হবে না। দেশের সচেতন নাগরিকরা যখন সোচ্চার হয়ে উঠবে তখনই তারা নিজেদের অধিকার সংরক্ষন করতে পারবে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপারের পক্ষে বক্তব্য রাখেন পালং মডেল থানার পরিদর্শক (অপারেশন) ফখরুল ইসলাম। শরীয়তপুর পৌর মেয়রের পক্ষে প্যানেল মেয়র-২ বিল্লাল হোসেন খান, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যাপক প্রদ্যুৎ কুমাদ দাস, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শরীয়তপুর জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন খান, সহ সভাপতি এ্যাড. মাসুদুর রহমান, শরীয়তপুর চেম্বার্স অব কমার্সের সহসভাপতি আব্দুস সালাম বেপারী প্রমুখ।
পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভোক্তা অধিকারের মূল বিষয়বস্তু তুলে ধরেন জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর সংরক্ষন অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক মো. সুজন কাজী।



মন্তব্য করুন