শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (১৫ মার্চ) “মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উদ্যোগে একটি বর্ণাঢ্য ট্রাক শো ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ৯ টা ৫০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন। এরপর সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন।

এছাড়া আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও দিবসের প্রতিপাদ্যকে ব্যাখ্যা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী। অনুষ্ঠানে বক্তাগণ প্লাস্টিকের অপব্যবহার রোধ, পূনর্ব্যবহার ও যথাযথ নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষণে ক্রেতা-বিক্রেতা উভয়ের দ্বায়িত্ব ও কর্তব্য রয়েছে মর্মে ব্যক্ত করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে উদ্বোধনকৃত বর্ণাঢ্য ও সুসজ্জিত ট্রাক ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে রচিত জারি গান প্রচারসহ জেলার বিভিন্ন উপজেলা ভ্রমন করে। এছাড়া একই দিনে সন্ধ্যার পর শরীয়তপুর জেলা তথ্য অফিসের সহযোগিতায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২১ উপলক্ষে তৈরিকৃত একটি প্রামাণ্যচিত্র জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে প্রদর্শন করা হয়।