দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে শরীয়তপুর জেলার সদর উপজেলার পালং বাজার ও রাজগঞ্জ ব্রিজ এলাকায় মনিটরিং অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে এ মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফলের দোকান, খাবার হোটেল ও খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান পরিদর্শণ করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৬ হাজার টাকা সতর্কতামূলক প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতন করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।



মন্তব্য করুন