শরীয়তপুরে কবিকুঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ‘প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’ এ শ্লোগান নিয়ে শরীয়তপুরে কবিকুঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ছেলে-মেয়েদের পরিবেশ সচেতন করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ বিজ্ঞানী, আবৃত্তি শিল্পী, শিশু সংগঠক-কবি মফিজুল ইসলাম (কবিভাই) এঁর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। আইপিএম বিশেষজ্ঞ বাবু শংকর লাল মুখার্জী অনুষ্ঠান পরিচালনা করেন।
কবি মফিজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচনা ও আবৃত্তি পরিবেশিত হয়। কবি মফিজুল ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণমূলক (পারটিসিপেটরি) আলোচনার সূত্রপাত করেন। অনুষ্ঠানে প্লাস্টিক পুনঃব্যবহার ও বর্জন বিষয়ে বিশদ আলোচনাসহ খাদ্য জাল (ফুড ওয়েব), খাদ্য শিকল ( ফুড চেইন), খাদ্য চক্র (ফুড সাইকল), ইকোসিস্টেম (ইকো সিস্টেম) ও প্রকৃতি-পরিবেশ তথা মানব কল্যাণে গাছের অনন্য ভূমিকা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনাকালে কবি মফিজুল ইসলাম বলেন, আশার কথা পলিথিন/প্লাস্টিক বন্ড ভাঙ্গার মত ব্যাকটেরিয়াও সম্প্রতি বিজ্ঞানিরা আবিষ্কার করেছেন, এর নাম এ্যাসপারগেলিস টুবিনজেনসিস। অংশগ্রহণমূলক (পারটিসিপেটরি) আলোচনায় উপস্থিত শিক্ষার্থী ছেলে-মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণময় হয়ে ওঠে। অতঃপর স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়। কবি এ এইচ নান্নু, কবি বিএম আবুল কালাম, কবি রাহাদ ইসলাম ও কবি মফিজুল ইসলাম এতে অংশগ্রহণ করেন। কবি মফিজুল ইসলামের স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পবিবেশনা উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে। তাঁর পরিবেশিত (১৯৯৩ খ্রিষ্টাব্দে ৫ নভেম্বর সংখ্যা দৈনিক ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত) ‘সিদ্ধান্ত’ নামের কবিতাটি পাঠকদের সুবিধার্থে তুলে ধরছি-
লিখতে বসে বলকলমে হচ্ছে নাতো দাগ,
সাত বছরের পলাশ বাবুর তাইতো ভিষণ রাগ!
বললো ডেকে বাবাকে তার কলমটাতো বদ,
করতে হবে বিচার এটার ডাকো সভাসদ।
হরেক রকম কলম নিয়ে বসলো সভা ঠিক,
আলোচনা হলো সভায় ভালো-মন্দ দিক
কেউবা বলে পাইলট ভালো, কেউবা উইংসাং
কেউবা বলে বলকলম এইগুলিরে ভাঙ!
কেউবা বলে সত্যি ভালো লেখে কলম ঝরনা,
আয়রে পলাশ ফাউন্টেনে লিখে পরখ করনা!
ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন সভার সভাপতি
পলিথিন ও বলকলমে পরিবেশের ক্ষতি।
কাঠ পেন্সিলে লিখলে ঠিকই দেখায় না খুব কালো,
কিন্তু এতে লিখলে হবে হাতের লেখা ভালো।
একে একে সব কলমে লিখে করে টেস্ট,
চূড়ান্ত সিদ্ধান্ত হলো ঝরণা কলম বেস্ট!
অনুষ্ঠানে সবশেষে গাছের চারা রোপন ও এর পরিচর্যার বিষয়ে দু’একটি কথা বলে কবি মফিজুল ইসলাম উপস্থিত ছেলে-মেয়েদের নিয়ে একটি বাদাম গাছের চারা রোপন করেন।