শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের কাশিপুর হিন্দুপাড়া এলাকা থেকে কালু সিকদার (২৪) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পালং মডেল থানা পুলিশ।
নিহত কালু সিকদার (২৪) শরীয়তপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের খেলসি গ্রামের সিরাজ সিকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
পুলিশ ও নিহত কালুর বোন জামাই সুরুজ সিকদার জানায়, গত শুক্রবার রাতে নিখোঁজ হয় কালু। পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরেও কালুকে না পেয়ে পালং মডেল থানায় বিষয়টি অবহিত করে।
পরে গতকাল সোমবার সকালে কাশিপুর হিন্দুপাড়া এলাকার শরীয়তপুর-মাদারীপুর সড়কের পাশে স্থানীয়রা কালুর লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ কালুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ মোস্তফা খোকন বলেন, নিহত কালুর বুকের ডান ও বাম পাশে দুইটি গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও তার শরীরে বিভিন্ন আঘাতের ক্ষত রয়েছে।
শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, নিহত কালু চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা আছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের সাথে অর্থ ও মাদক নিয়ে কালুর দ্বন্দ্ব হয়ে এ ঘটনা ঘটতে পারে।