শরীয়তপুরে এ মাসের ১৪ জুলাই (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে শরীয়তপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন সভা করা হয়।
সভায় জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। প্রতি বছর মে ও সেপ্টেম্বর মাসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।
জেলায় মোট জনসংখ্যার মধ্যে ১ লক্ষ ৬২ হাজার ৮৮৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৬৭৭ টি স্থানে এ ক্যাম্প বসবে। এতে ২৫৭ জন স্বাস্থ্য সহকারী ও ৩ হাজার ৩৫৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।
এ সময় শরীয়তপুর সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল হোসেন সরদার, সাংবাদিক আব্দুস সামাদ তালুকদার, দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, সাংবাদিক শেখ খলিলুর রহমান, শরীয়তপুর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. সৈয়দা শাহীনুর নাজিয়াসহ জেলার কর্মরত সাংবাদিকগণ। সঞ্চালনায় ছিলেন, শরীয়তপুর সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক ইপিআই সুপারেন্টেন্ড মোজাম্মেল হক।
এসময় সাংবাদিক প্রতিনিধি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট বলেন, শরীয়তপুর শহরের মানুষ এখন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জেনে গেলেও বর্তমানে শরীয়তপুরের জেলার পদ্মার চরাঞ্চল সহ প্রত্যন্ত অঞ্চলের শিশু সন্তানরা যেনো এই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর আওতা থেকে বাদ না পড়ে। এছাড়া নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ এখন দিশেহারা। তাদের দিকেও লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।