শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের সাকিম আলী মাদবর কান্দি গ্রামে রিয়াজ হত্যা মামলার প্রধান আসামি মন্টু বেপারীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
মন্টু বেপারী (৬০) সেনেরচর ইউনিয়নের ভোলাই মুন্সী কান্দি গ্রামের আরশেদ আলী বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলাই মুন্সী কান্দি গ্রামের মন্টু বেপারীর সঙ্গে সাকিম আলী মাদবর কান্দি গ্রামের এমদাদ মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ বছরের বিরোধ চলছে। তিন বছর আগেও দুই পক্ষের শত্রুতার জের ধরে রিয়াজ নামে এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন মন্টু বেপারী।
একটি বিয়ের অনুষ্ঠান থেকে শুক্রবার সন্ধ্যায় মন্টু বেপারী ও তার ভাতিজা বাবু বেপারী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা সাকিম আলী মাদবর কান্দি এলাকায় আসলে এমদাদ মাদবর ও তার লোকজন তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে আত্মরক্ষার জন্য তারা মালেক মাদবরের ঘরে প্রবেশ করে। এসময় ওই দুর্বৃত্তরা মালেক মাবদরের ঘরে ঢুকে তাদেরকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মন্টু বেপারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবু বেপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফারুক সরদারের স্ত্রী নিশি আক্তার বলেন, মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে মন্টু বেপারী ও বাবু বেপারীকে কোপ দেওয়া হলে তারা আত্মরক্ষার জন্য মালেক মাদবরের ঘরে ঢুকে যায়। পরে ঘরের দরজা ভেঙে তাদের কোপানো হয়। যারা এমন নৃশংসভাবে মানুষ হত্যা করে তাদের ফাঁসি চাই।
মন্টু বেপারীর চাচাতো ভাই মামুন বেপারী বলেন, এমদাদ মাদবর ও দেলোয়ার মাদবরের লোকজন আমার ভাইকে হত্যা করেছে। তারা আগে থেকেই হত্যার পরিকল্পনা করেছিল । আমার ভাই বাড়িতে ফেরার সময় তার ওপর হামলা চালানো হয়। আমার এক ভাতিজার হাতের কয়েকটি আঙুল পড়ে গেছে, তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানতে চাইলে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের শত্রুতা ছিল। এই শত্রুতার জের ধরেই মন্টু বেপারী নামের একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মন্টু বেপারীর মরদেহ ময়না তদন্তের জন্য আজ শনিবার সদর হাসপাতালে পাঠানোর কথা। এঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে



মন্তব্য করুন