জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রোববার (১৭ মার্চ) সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০ টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে। ১০টা ১০মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
পরে রাষ্ট্রপাতি হেলিকপ্টার যোগে ১০টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে স্বাগত জানান। পরে ১০ টা ৩৮ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে প্রথমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। তিন বাহিনীর একটি চৌকস দল এসময় গার্ড অব অনার প্রদান করেন, বেজে ওঠে বিগউলের সুর। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তাঁরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতি ঢাকায় ফিরে যান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রধান হিসাবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এসময় শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবীর নানক, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ ফারুক খান, শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ, খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল ১১টায় সমাধি সৌধ কমপ্লেক্সের ১ নম্বর গেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত শিশু সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা শহরের মালেকা একাডেমীর ৩য় শ্রেণীর শিক্ষার্থী পিয়াসা জামিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বক্তব্য রাখবেন। এরপর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয়োগীতার পুরস্কার, অস্বচ্ছল, মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে অর্থিক অনুদান বিতরণ করা হয় এবং প্রধানমন্ত্রীকে স্মারক উপহার দেয়া হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এরপর প্রধানমন্ত্রী দর্শক সারিতে বসে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশুদের সাথে ফটোসেশন করেন। এরপর প্রধানমন্ত্রী দুপুর ১ টা ৪০ মিনিটে জাতির পিতার সমাধি প্রাঙ্গণে আয়োজিত বই মেলা ও সুবিধা বঞ্চিত শিশুদের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। রাষ্ট্রীয় সকল কর্মসুচী শেষ করে বিকেলে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাডা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান ও সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে নির্মান করা হয়েছে তোরণ, টাঙ্গানো হয়েছে ব্যানার ফেস্টুন। নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উদ্দীপনা। আগামীতে দেশের সকল শিশু স্মার্ট বাংলাদেশের অংশীদার হোক জাতির পিতার জন্মদিনে এমন প্রত্যাশা সকলের।



মন্তব্য করুন