শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার ভোর রাত ২টাযর দিকে (২০ জানুয়ারি) শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয়া হয় বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এদিকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দৈনিক রুদ্রবার্তাকে জানান, রোববার দিনগত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ল্যাপটপ, টিভি, চেয়ার টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এরপর ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকালে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

খবর পেয়ে সকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ মোল্লা বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমাদের ধারণা পতিত স্বৈরাচারের দোসররা এই ঘটনা ঘটিয়েছে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত করা হবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।