সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত ও অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে তার হৃদযন্ত্র, ফুসফুস এবং কিডনির কার্যক্রম কৃত্রিম ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে সচল রাখা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় হাদির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
তিনি জানান, বুধবার নতুন করে করা সিটিস্ক্যানে ওসমান হাদির মস্তিষ্কে ‘ইস্কেমিয়া’ বা রক্ত সঞ্চালনজনিত সমস্যা বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। তবে তার ইউরিন আউটপুট এখনো কৃত্রিম সহায়তায় স্থিতিশীল রয়েছে।
মস্তিষ্কে বিদ্ধ গুলির অবশিষ্টাংশ অপসারণে নতুন করে কোনো অস্ত্রোপচার করা হবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে গভীর পর্যালোচনা চলছে। এই অস্ত্রোপচার নতুন কোনো জীবনের ঝুঁকি তৈরি করবে কি না, তা এখনো অনিশ্চিত।
উন্নততর চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে দীর্ঘ বিমান ভ্রমণের ধকল হাদির শরীর সহ্য করতে পারবে কি না এবং এ বিষয়ে পরিবারের মতামত কী, তা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে বর্তমানে তিনি সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।



মন্তব্য করুন