ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে তার শেষ নিঃশ্বাসের সংবাদে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে ধৈর্য ধরার আহ্বান জানালেও রাজপথের উত্তেজনা কমেনি।

রাত সোয়া ১১টা নাগাদ রাজধানীর শাহবাগ মোড় কয়েক হাজার আন্দোলনকারী অবরোধ করেন। টায়ারে আগুন জ্বালিয়ে ‘হাদি হাদি’ স্লোগানে প্রকম্পিত হয় এলাকা। বিক্ষোভকারীরা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করার হুশিয়ারি দেন। এই বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরাও বড় সংখ্যায় যোগ দেন।

বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে কারওয়ান বাজারেও। রাত সাড়ে ১১টার দিকে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ভবনের নথিপত্র ও আসবাবপত্রে অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপর ফার্মগেটে দ্য ডেইলি স্টার ভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভবনের ভেতরে আটকা পড়া সাংবাদিকরা ফেসবুকে আকুতি জানালে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস গিয়ে তাদের উদ্ধার করে।

সংঘাতের বিস্তার ঘটে ধানমন্ডি ও উত্তরা এলাকাতেও। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া উত্তরায় সাবেক এক সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত ১২ ডিসেম্বর বিজয়নগরে আততায়ীর গুলিতে আহত হওয়ার পর থেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার প্রয়াণের পর ঢাকা এখন এক চরম উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।