জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত বেশ কিছু স্ক্রিনশট বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী, হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি মেসেঞ্জারে হান্নান মাসউদের উত্তরাঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়ার হুমকি দেন। অন্যদিকে, রুপক নন্দী নামে আরেক ব্যক্তি ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসউদকে ‘আগুন নিয়ে না খেলার’ সতর্কবাণী দিয়ে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার হুমকি দেন।
ঘটনার নেপথ্যে জানা গেছে, সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদকে গ্রেপ্তারের গুঞ্জন শুরু হলে তার অনুসারীরা এমন মারমুখী অবস্থান নেন। উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, সম্প্রতি একটি চায়ের দোকানে দেওয়া আজাদের হুমকিসূচক বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হান্নান মাসউদকে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
ভুক্তভোগী নেতা আব্দুল হান্নান মাসউদ এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে অভিযুক্ত আব্দুল হালিম আজাদ ও তার ছেলে ইসরাত রায়হান অমির ফোন বন্ধ থাকায় তাদের মন্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত রুপক নন্দীও পরিচয় গোপন করে এড়িয়ে গেছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।



মন্তব্য করুন