রাজধানীর শীর্ষ দুই গণমাধ্যম কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সাংবাদিকদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হামলাকে দেশবিরোধী অশুভ শক্তির কাজ হিসেবে অভিহিত করেন।
মির্জা ফখরুল বলেন, শহীদ ওসমান হাদির মৃত্যুতে যখন গোটা জাতি শোকার্ত, ঠিক সেই মুহূর্তে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবীরসহ আরও অনেকের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, দেশের এই সংকটময় মুহূর্তকে যারা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করছে, তারা আসলে কার স্বার্থ হাসিল করতে চায়?
বিবৃতিতে বিএনপি মহাসচিব স্পষ্টভাবে বলেন, যারা সংকটের অপেক্ষায় থাকে এবং সুযোগ বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা মূলত দেশের শত্রু। গত এক বছরেরও বেশি সময় ধরে চলা ‘মব জাস্টিস’ বা গণপিটুনির সংস্কৃতি জাতিকে বিভক্ত করে ফেলেছে। স্বৈরাচার পতনের পর সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার এবং জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।
ওসমান হাদি সম্পর্কে মির্জা ফখরুল উল্লেখ করেন, হাদি জনগণের জন্য কাজ করতে চেয়েছিলেন এবং নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার আততায়ীর বিচার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি প্রতিটি মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনতে হবে। তিনি বর্তমান সরকারকে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দাবি জানান।
সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই জুলাই বিপ্লব হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে নস্যাৎ করতে দেওয়া যাবে না।



মন্তব্য করুন