জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা জনজীবনে অস্থিরতা তৈরির অপচেষ্টা কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত বিভাগীয় কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপারদের সঙ্গে এক বিশেষ সংলাপে তিনি এই বার্তা দেন।
আইজিপি স্পষ্টভাবে জানান, দাবি-দাওয়ার নামে রাস্তাঘাট বা মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা এখন থেকে আর বরদাশত করা হবে না।
তিনি উল্লেখ করেন, জুলাই পরবর্তী প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি পেশাদার এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন পুলিশ প্রধান।
নির্বাচন কমিশনকে আশ্বস্ত করে তিনি বলেন, একটি অবাধ ও সফল নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনী তার সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত রয়েছে।
নির্বাচনী অপরাধ দমনে ‘অনুসন্ধান কমিটি’র বিচারিক ক্ষমতার প্রশংসা করে আইজিপি বলেন, এটি মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রয়োজনে এই কমিটি পুলিশসহ যেকোনো বাহিনীর সহায়তা নিতে পারবে বলে তিনি তার বক্তব্যে মনে করিয়ে দেন।



মন্তব্য করুন