মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও রদবদল নিয়ে চলা আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, উপদেষ্টা পরিষদ নতুন করে সাজানো হচ্ছে কি না, সে বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য বা দাপ্তরিক বার্তা নেই।
সকাল থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায় যে, বর্তমান উপদেষ্টামণ্ডলীর দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে। তবে মন্ত্রিপরিষদ সচিব এই আলোচনার সত্যতা নিশ্চিত করেননি।
অন্যদিকে নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করছে, সরকারের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
শোনা যাচ্ছে, বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে শুধু কৃষি মন্ত্রণালয়ে রাখা হতে পারে।
এছাড়া নতুন করে অন্তত একজনকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করার আলোচনাও রয়েছে। তবে সরকারিভাবে এখনো কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।



মন্তব্য করুন