যমুনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে দিক হারিয়ে ফেলা ৪৭ জন বরযাত্রীকে ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের বিশেষ উদ্যোগে মাছ ধরার দুটি নৌকার সাহায্যে তাদের উদ্ধার করে জামথল নৌঘাটে নিয়ে আসা হয়।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে বর-কনেসহ ১৭ জন নারী ও ৯ জন শিশু রয়েছেন। গত শুক্রবার বিকেলে বগুড়া শহরের একটি বিয়ের অনুষ্ঠান শেষে ৪৭ জন বরযাত্রী নিয়ে একটি নৌকা মাদারগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। রাত ১২টার দিকে মাঝনদীতে তীব্র কুয়াশার কারণে চালক দিক হারিয়ে ফেললে নৌকাটি আটকা পড়ে।
বিপদে পড়া যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে সাহায্যের আবেদন জানালে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপর মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর নির্দেশে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতির পর উদ্ধার হওয়া যাত্রীরা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন বলে তাদের স্বজনরা নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন