গাজীপুর মহানগরীর বাসন এলাকায় যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর শ্বশুরকে ফোন করে লাশ নিয়ে যাওয়ার কথা জানানো সেই অভিযুক্ত স্বামী জালাল ওরফে দুলু গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে কুড়িগ্রামের রাজারহাট এলাকায় র‌্যাব-১ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত মাস্তুরা আক্তার সুমা (২৮) পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন এবং চান্দনা এলাকায় স্বামীর সাথে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে যৌতুকের দাবি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে জালাল তার স্ত্রীকে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে নিহতের বাবাকে ফোন করে খুনের বিষয়টি জানিয়ে সে এলাকা ত্যাগ করে।

খবর পেয়ে বাসন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান। গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।