রাজধানীর আদাবর, বিমানবন্দর, মিরপুরের কালশী মোড় ও শাহবাগ এলাকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত বারোটার দিকে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শাহবাগের জুলাই চত্বরের পাশে রাত ১২টার দিকে প্রথম ককটেল বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর রাত ১২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বর ফ্লাইওভার থেকে মোটরসাইকেলে এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
প্রায় একই সময়ে মিরপুরের কালশী মোড়েও বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।
এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের কাজ চলছে।




মন্তব্য করুন