মুক্তিযুদ্ধবিরোধীরা কখনো বাংলাদেশের নায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। একই সঙ্গে জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, “রেডি হও জামায়াতে ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা।”

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন পাপিয়া।

তিনি বলেন, “আমাদের বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমিও বলি—বোর্ডিং পাস ঠিক করো।” মুক্তিযুদ্ধে যারা দেশের বিরোধিতা করেছে, তাদের নায়ক বানানো এবং মুক্তিযোদ্ধা প্রজন্মকে ইন্ডিয়া বা লন্ডনে পাঠানোর সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল, বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশ।