প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে।
শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশের পদবিও পরিবর্তন করা হয়েছে। মহল্লাদার এখন ‘গ্রাম পুলিশ’ এবং দফাদার ‘গ্রাম পুলিশপ্রধান’ হিসেবে পরিচিত হবেন।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধানে প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সক্রিয় ভূমিকা রাখছে। তৃণমূল পর্যায়ে অপরাধ ও পরিস্থিতি অবনতির আগাম তথ্য তাদের কাছ থেকে পাওয়া যায়; স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে তারা তাৎক্ষণিক ভূমিকা রাখতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি গভীরভাবে বিশ্বাস করি দেশের প্রতিটি গ্রাম বা প্রতিটি ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে।” গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি ও স্বস্তি নিশ্চিত করতে গ্রাম পুলিশকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।




মন্তব্য করুন