দেশে আবারও ষড়যন্ত্র চলছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সার্বভৌমত্ব’ র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশের গণতন্ত্রকামী মানুষকে নিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, “একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই।” ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেটি রক্ষার দিন হোক আজকের র্যালি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি স্লোগান ধরে বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।” সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “আপনারা কি আমাদের সঙ্গে আছেন?” জবাবে নেতাকর্মীরা করতালিতে সাড়া দেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি পক্ষ আবার বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে চায় এবং আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। তিনি বলেন, “যে দেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করতে পারে, ১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লব ঘটাতে পারে এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থান ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।”
বক্তব্য শেষে তিনি পায়ে হেঁটে র্যালিতে যোগ দেন এবং রাস্তায় দাঁড়ানো সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল সাড়ে ৪টায় মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে সমাপনী বক্তব্য দেন তিনি। মঞ্চে মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন