জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে একটি অটোরিকশা মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময় জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল। পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়, এরপর অটোরিকশাটিকেও চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়; পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার ও আইনগত কার্যক্রম চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মালঞ্চ এলাকায় আটক করেন; তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।




মন্তব্য করুন