জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সার্বভৌমত্ব র্যালিতে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। পরাজিত শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এর আগে পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বাকশাল চাপিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল; ৫ আগস্ট ছাত্র-জনতা সেই অধিকার ফিরিয়ে এনে স্বৈরাচারকে বিতাড়িত করেছে।
তিনি বলেন, যারা মানুষের গণতান্ত্রিক অধিকার ও দেশের সার্বভৌমত্ব মানতে পারেনি, তাদের ষড়যন্ত্র থামেনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক হতে হবে; আজকের র্যালি হোক সার্বভৌমত্ব রক্ষার র্যালি।
র্যালিটি নাইটিঙ্গেল মোড়, প্রধান বিচারপতির বাসভবনের সামনে, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ হওয়ার কথা রয়েছে।
র্যালিতে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, আহমেদ আজম খান, নুরুল ইসলাম মনি, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, রশিদুজ্জামান মিল্লাত ও সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন