শরীয়তপুর সদর উপজেলায় কুকুর নিয়ে বিরোধের জের ধরে শুকুমার মন্ডল (৫৫) নামে এক কাঠমিস্ত্রীকে মাথায় দা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাক্তক জখম করা হয় । পরে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মুগদা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে আহত অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পালং ইউনিয়নের পাটুনিগাঁও গ্রামের মৃত ক্ষেত্রমোহন মন্ডলের ছেলে শুকুমার মন্ডল (৫৫) ও প্রতিবেশী মৃত নিবারণ মন্ডলের ছেলে জয়দেব মন্ডল (৫৫) সঙ্গে কুকুর পালা নিয়ে বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন পর গত ১৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর পৌরসভার আটং এলাকায় বটগাছের নিচে পূর্বপরিকল্পনা করে জয়দেব মন্ডল (৫৫), সনাতন মন্ডল (২৫), চঞ্চল মন্ডল (২২), কালু মন্ডল (৬৫), যাদব মন্ডল (৪০), অনাথ মন্ডল (২৮)সহ ২/৩ জন মিলে শুকুমার মন্ডলকে একা পেয়ে দা ও হাতুড়ি দিয়ে মাথায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। শুকুমারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। ওইদিন রাতে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসকরা তাকে মহাখালি আয়শা মেমোরিয়াল হসপিটালে প্রেরণ করে। সেখানে শুকুমার আইসিইউতে ভর্তি ছিল । পরে তার অবস্থা আশংকা জনক দেখে চিকিৎসক তাকে ঢাকা মুগদা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে প্রেরণ করে। আহত অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শুকুমারের মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় শুকুমারের মরদেহ শরীয়তপুরের আনা হয়।
নিহতর ছেলে চন্দন মন্ডল ও
ভাতিজা বিশ্বজিৎ মন্ডল জানায়, পূর্বপরিকল্পনা করে সনাতন মন্ডল, চঞ্চল মন্ডল, জয়দেব মন্ডলসহ সন্ত্রাসীরা শুকুমার মন্ডলকে পিটিয়ে হত্যা করেছে। তাই হত্যাকারীদের আইনের আওতায় এনে গ্রেফতার করে ফাঁসি দাবী জানান তারা।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় বিশ্বজিৎ মন্ডল বাদী হয়ে গত ১৩ জুন বৃহস্পতিবার রাতে ৬জনকে আসামী করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী সনাতন মন্ডলকে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সাতপার এলাকা থেকে আটক করে পুলিশ। এর আগে ঘটনার পরদিন আসামী অনাথ মন্ডলকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য করুন