শরীয়তপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠ আম্রকাননে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ আঞ্চলিক মেলার উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।
মেলায় দেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের ৫০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। ২৯ জানুয়ারী বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার পর্যন্ত।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ্ আল মামুন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন, শরীয়তপুর বিসিকের উপ-পরিচালক মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এডভোকেট রওশন আরা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ দেশ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। বর্তমান সরকার শুধু ভারী শিল্প নয়, দেশের অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এগিয়ে নিতেই সারাদেশে এই মেলার আয়োজন করছে। সরকার চায় দেশের কোনো উদ্যোক্তাই যেন পিছিয়ে না পড়ে।
এর আগে সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।