“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২০ পালন করা হয়েছে। এ সময় জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের বিভিন্ন কর্মসূচির আওতায় ৫ জন নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক খাদিজাতুন আছমা।

বুধবার ৯ ডিসেম্বর বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এডভোকেট রওশন আরা বেগম।

জয়িতা উপাধীতে ভূষিত ৫ জন নারীরা হলেন অর্থনৈতিক সাফল্যের অধিকারী পিয়ারা বেগম, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনে শেহেরিন আলম, নির্যাতনের বিভিষিকা মূছে নতুন উদ্যোমে জীবন যাবনের জন্য মোসা. নাছিমা বেগম, সফল জননী ফাতেমা শাহাদাত ও সমাজ উন্নয়নে সাফল্যের অবদান রাখায় রাবেয়া বেগম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, নারী জাগরণের জন্য বেগম রোকেয়া আন্দোলন গড়ে তুলেছিলেন। আজ নারীরা সকল ক্ষেত্রে সম্মানিহ হয়েছে। উন্নয়নের সকল ক্ষেত্রে নারীর অবদান রয়েছে। নারী উন্নয়ন ও সাবলম্বী করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প গ্রহন করেছেন। আমরাও নারীকে বিশেষ সম্মানে সম্মানিত করি। নারীর সম্মান অর্জন করলেই হবে না। সম্মানকে ধরে রাখতে হবে। কর্মক্ষেত্রে নারীকে শুদ্ধিচর্চা সহ সততার স্বাক্ষর রাখতে হবে।